দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে ফের শুরু হয়েছে প্রতিশ্রুতির পাল্টাপাল্টি লড়াই। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জবাবে বিজেপি এবার আনছে ‘আড়াই হাজারি স্কিম’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস, সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত, সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা।
বিরোধী দলনেতা জানান, বিজেপি সরকার গঠনের পর বাংলাতেও প্রকাশিত হবে ‘সংকল্প পত্র’। সেই সংকল্প পত্র হাতে নিয়ে তাঁরা যাবেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। শুভেন্দু বলেন, দিল্লিতে যেমন ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছিল, এবার বাংলার জন্যও সেই নথি প্রকাশ করা হবে। তিনি বলেন, “মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় গ্যাস, সরকারি বাসে ফ্রি যাতায়াত, আর আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ টাকার চিকিৎসা — এই চারটি আমাদের প্রধান প্রতিশ্রুতি।”
তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই ঘোষণাকে ‘ভোটের আগে খয়রাতির রাজনীতি’ বলে কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এরা ভোটের আগে অনেক কিছু বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে কিছুই দেয় না। মুম্বই, মধ্যপ্রদেশ, রাজস্থানে যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই পূরণ করেনি। আমরা যা বলি, তাই করি। আমরা কখনও কথার খেলাপ করি না।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার আমরা শুধু বাংলায় নয়, সারা পৃথিবীতে প্রথম চালু করেছি। আর এটা সারাজীবন চলবে।”
তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “সব দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজেরা দিলে বলে কল্যাণ, আর বিরোধী দিলে বলে খয়রাতি — এটাই রাজনীতির প্রহসন।” তিনি উদাহরণ টেনে বলেন, ছত্তীসগঢ়ে মাহাতারি যোজনায় মহিলারা বছরে বারো হাজার টাকা পান, ওড়িশায় সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়, মধ্যপ্রদেশে ‘লাডলি বহেন’ প্রকল্পে মহিলারা মাসে আড়াই হাজার টাকা পান, তাহলে বাংলার মহিলারা বঞ্চিত কেন?
শুভেন্দু আরও দাবি করেন, “মাধ্যমিক পাশ বেকার যুবক যতদিন চাকরি না পাচ্ছেন, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডণবীশের নেতৃত্বে এনডিএ সরকার প্রতি মাসে চার হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গেই বা হবে না কেন?”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের হাত ধরে রাজ্যে একাধিক নির্বাচনে ঢালাও সাফল্য পেয়েছে। বিজেপি এবার সেই ‘সফল ফর্মুলা’-র প্রতিরূপ তৈরি করে পাল্টা প্রতিশ্রুতির রাজনীতি শুরু করেছে।























