দক্ষিণবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত সোমবার জগৎবল্লভপুরের ইছানগরী এলাকার বছর ২৩ এর নাফিসা রহমান নামের এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে আমতার মহাবীর নার্সিংহোম ভর্তি হন। এবং মঙ্গলবার সকালে তিনি সিজারের মাধ্যমে একটি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম দেন। তার পরে সদ্যোজাত কন্যা ও তার মায়ের শারীরিক অবস্থা ভালোই ছিল বলেই জানান পরিবার। প্রায় একটা দিন কেটে যাওয়ার পরে বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ নার্সিংহোম এর পক্ষ থেকে একটি স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয় ওই মহিলাকে এবং সঙ্গে সঙ্গে ওই মহিলার অবস্থার অবনতি হতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়েন। ওই মহিলার সঙ্গে থাকা মহিলার মা তড়িঘড়ি পরিবারকে খবর দেন এবং ঘটনাস্থলে পরিবারের লোকজন গেলে সেখানে দেখতে পান যে নার্সিংহোমের বাইরে আগে থেকেই পুলিশ প্রশাসন ও রেফ মোতায়ন করা হয়েছে। এবং এই বিষয়ে পরিবারের লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা বলেন শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ICU তে রাখা হয়েছে এবং সেদিন তড়িঘড়ি নার্সিংহোম এর পক্ষ থেকে ওই মহিলাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এছাড়াও পরিবারকে বলা হয় ওই মহিলার যাবতীয় খরচা বহন করবে মহাবীর নার্সিংহোম কর্তৃপক্ষ। এর পরেই ওই মহিলা কোমায় চলে যায় এবং গতকাল রাতে ওই মহিলার মৃত্যু হয়।
স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে, পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই নার্সিংহোমের বিরুদ্ধে তারা আইনত অভিযোগ করবেন।
এবং এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা সংবাদ মাধ্যমকে কোনো কিছু বলতে চাননি।























